দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সোমবার (২৩ নভেম্বর) দ্বিপক্ষীয় বৈঠক শেষে নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠনে ১৫ হাজার কোটি ভারতীয় রুপির উন্নয়ন সহায়তা ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আটটি সমঝোতা স্মারক সই এবং ছয়টি অবকাঠামো প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নেওয়া হয়েছে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ ।
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে আসা বালেন্দ্র শাহকে নিজেই স্বাগত জানান নরেন্দ্র মোদি। গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, নতুন কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ তৈরি এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়ানোই এই সহায়তা প্যাকেজের লক্ষ্য।
ভারত-নেপাল সম্পর্ককে আত্মীয়তার বন্ধন ও অটুট আস্থার সম্পর্ক হিসেবে উল্লেখ করেন মোদি। দুই দেশের আনন্দ ও সংকটে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন উভয় নেতা। এছাড়াও বৈঠকে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা, টেকসই নগর উন্নয়ন ও কৃষিসহ বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ।
অন্যদিকে, সীমান্ত যোগাযোগ, জ্বালানি ও অবকাঠামো খাতের ছয়টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই নেতা।
যোগাযোগ ও জ্বালানি খাতে ছয় প্রকল্প
ভারতের অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে সরযূ-কামলা এক্সপ্রেস রেলসেবা চালু এবং ধর্চুলা-দারচুলা সংযোগকারী সীমান্ত সেতু উদ্বোধন করেন তাঁরা। পাশাপাশি বনবাসায় নতুন সমন্বিত চেকপোস্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভৈরহাওয়া, সুনৌলি ও দোধারা-চাঁদনি চেকপোস্ট নির্মাণকাজের অগ্রগতিও পর্যালোচনা করেন দুই নেতা।
এ ছাড়া জ্বালানি খাতে ৬৬৯ মেগাওয়াট ক্ষমতার লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধন করা হয় মোতিহারি-আমলেখগঞ্জ পাইপলাইনের দ্বিতীয় পর্যায়। পাশাপাশি ঝাপায় পেট্রোলিয়াম টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তাঁরা।
প্রসঙ্গত, রোববার দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান বালেন্দ্র শাহ। সফরের শুরুতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
এমজে